ইসরায়েলের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং জেরুজালেমে নতুন দূতাবাস খোলার প্রতিবাদে বুধবার (১৪ অক্টোবর) কলম্বিয়াজুড়ে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এই প্রতিবেদনের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানী বোগোটায় শত শত শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের কর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিল করেন এবং গাজা যুদ্ধের তীব্র নিন্দা জানান। আন্দোলনকারীরা ইসরায়েলবান্ধব পররাষ্ট্রনীতির বিরুদ্ধে ‘আমরা কারো পেছনের উঠান নই’ এবং ‘জাইওনিস্ট ও মার্কিন হস্তক্ষেপ দূর হটো’ বলে স্লোগান দেন।
বোগোটায় বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পতাকা আগুনে পুড়িয়ে দেয়। এই প্রতিবাদ কর্মসূচি এমন সময়ে ঘটল যখন বুধবারে জেরুজালেমে কলম্বিয়ার নতুন দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছিল।
দেশটির প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ২০২৪ সালে নেওয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদ ও মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেন। জেরুজালেমে দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা বলেন, ইসরায়েল একটি কৌশলগত অংশীদার এবং দুই দেশের সম্পর্ক কখনোই ছিন্ন হওয়া উচিত ছিল না।
অন্যদিক ফিলিস্তিনি কর্মকর্তারা জেরুজালেমে এই দূতাবাস উদ্বোধনের তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছেন, দে লা এসপ্রিয়েলা প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে কলম্বিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
