রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইবনে মিজান আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
