বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯

ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

মুম্বাই পুলিশ তাদের পাঠানো নোটিশে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার জন্য আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী ইমরান খান ভারতের স্থায়ী নাগরিক নন, তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার কাছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।

গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত এক বিক্ষোভে যোগ দিয়েছিলেন বলিউড তারকা আমির খানের ভাগ্নে ইমরান খান। সে সময় তার সঙ্গে তার সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং মামাতো বোন জেন মেরি খান উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে পুলিশ এই তিনজনকে আটক করে এবং পরে ছেড়ে দেয়। ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার কারণে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরান খানের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ