গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গে পুলিশের সাউন্ড গ্রেনেড

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের পোশাক কারখানার শ্রমিকেরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার তা পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না দিয়ে বুধবার পরিশোধের নতুন তারিখ দেওয়া হয়। গতকাল বুধবারও বেতন না দিয়ে নানা টালবাহানা করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর জেরেই ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে আটটায় এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা প্রস্তাব উপেক্ষা করে অবরোধ অব্যাহত রাখলে একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তারা মহাসড়ক ছাড়েননি। পরে জনদুর্ভোগ এড়াতে ও যান চলাচল সচল করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, কারখানা কর্তৃপক্ষ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কারখানা থেকে গোপনে মেশিনপত্র সরিয়ে নেওয়ার যে গুঞ্জন শ্রমিকদের মধ্যে ছড়িয়েছিল, তা সঠিক নয় বলে নিশ্চিত করেন তিনি।
 
ইত্তেফাক/আইএ