সীমা বৌদ্ধ বিহারে অনির্দিষ্টকালের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৪:১৩

পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচার দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্তের পর বিহার পরিদর্শনে গিয়ে ফিরে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু বলেন, মঙ্গলবার সকালে বিহার সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করে বিহার কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের ভেতরে জমি দাবি করে সভাপতি মংলাচিনকে মারধর করেন।

এ ঘটনায় বুধবার মংলাচিন মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, শত বছরের ঐতিহ্যবাহী এ বিহারে রয়েছে অষ্টধাতুর তৈরি ৩৭ মণ ওজনের গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। মূর্তিটি দেখতে প্রতিনিয়ত ভিড় করেন দেশ-বিদেশের হাজারো পর্যটক।

 
ইত্তেফাক/এসজে