নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ১১

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৫৫

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। একইসঙ্গে এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে রায়পুরায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও চালকসহ আরও ১১ যাত্রী আহত হয়েছেন। নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ জন যাত্রী রায়পুরা যাচ্ছিলেন। সিএনজিটি হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নাম্বার ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়ে। এতে একটি সিএনজি সড়কের পাশের খাদে
পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে পরে। এসময় দুটি গাড়ি ধুমড়েমুচড়ে যায়। 

পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।

এ বিষয়ে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আমরা পাই। অহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে এদিন সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেইট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

একইদিন সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশু ইটবাহী ট্রলি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

নোহা পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।

মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন ওসি।

 

ইত্তেফাক/এনটিএম