সৌদির বিমানবন্দরগুলোতে হামলায় প্রাণ গেছে ১৯ জনের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০০:১১

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৬৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

তিনি বলেছেন, ‘জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত গোষ্ঠীটির তৎপরতা বৃদ্ধির পর অক্টোবর মাসের শুরু থেকে রাজ্যটিতে হুতিদের হামলা আরও তীব্র হয়েছে।’

তুর্কি আল-মালিকি বলেন, ‘অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ২০ বার হুতি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যকার হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হন। অপরদিকে জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আরও তিনজন আহত হয়েছেন।’


সৌদি সরকারি সূত্র অনুযায়ী, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দর হুতিদের হামলার শিকার হয়েছে। এতে হতাহতের ঘটনার পাশাপাশি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।

ইত্তেফাক/এমএসআর