জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) দীর্ঘসময় রাজশাহী ও গাইবান্ধার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) থেকে দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নেসকো জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার অনাকাঙ্ক্ষিত বিভ্রাট এড়াতে এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণে বিদ্যুৎলাইনের নিকটবর্তী গাছপালা ও ডালপালা কাটার লক্ষ্যেই মূলত এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বৈদ্যুতিক লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কর্তন কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
প্রভাবিত এলাকাগুলো: নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোসপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন আশপাশের এলাকা।
অন্যদিকে নেসকো গোবিন্দগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে গোবিন্দগঞ্জের একমাত্র ৩৩ কেভি সোর্স ফিডারের আশপাশের বৃক্ষের শাখা-প্রশাখা কাটার কাজ পরিচালিত হবে। এই কারণে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা নেসকো গোবিন্দগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে যদি ডালপালা কাটার কাজ শেষ হয়ে যায়, তবে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের নির্বিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সেবা প্রদান নিশ্চিত করতেই এই বিদ্যুৎ বিরতি প্রয়োজন হয়েছে। অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
