মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেল দুজনেরই

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) এবং তাদের মেয়ে রাফা মনি (৮)। তারা স্থানীয় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস এলাকা দিয়ে হাঁটার সময় রেললাইনে উঠেন আকলিমা। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা আকলিমার মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় মেয়ে রাফা মনি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।​ খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে আকলিমার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 
ইত্তেফাক/এসএইচ