আজকের এই দিনে ক্রিকেট ইতিহাসে প্রথমবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা, রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতার অন্যরকম আবহ। রাজনৈতিক বৈরিতা ও মাঠের লড়াই মিলিয়ে দুই দলের মুখোমুখি হওয়া সব সময়ই ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। তবে এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার শুরু হয়েছিল ১৯৫২ সালের ১৬ অক্টোবর, ৭৪ বছর আগে।

স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পাঁচ বছর পর পাকিস্তানের প্রথম টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল সেটি। অপরদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অভিষেক হয়েছিল দেশভাগের আগেই— ১৯৩২ সালের ২৫ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে।

১৯৫২ সালের ১৬ অক্টোবর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমান অরুণ জেটলি স্টেডিয়াম) প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াইয়ে ইনিংস ও ৭০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। তিন দিনের মধ্যেই ম্যাচটি জিতে পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

Indian cricket team | Madras, 1952: Indian cricket's first moment of glory  - Telegraph India

ঐতিহাসিক ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিজেদের প্রথম ও একমাত্র ইনিংসে ৩৭২ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস থেমে যায় মাত্র ১৫০ রানে। ফলে ফলো-অনে পড়ে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। এবার তাদের ইনিংস শেষ হয় ১৫২ রানে। তাতে ইনিংস ও ৭০ রানের ব্যবধানে জয় নিশ্চিত হয় ভারতের। দুই দলের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার সূচনালগ্নেই বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয় পাকিস্তানকে।

সেই শুরুর পর থেকে সময়ের সঙ্গে ভারত-পাকিস্তান ক্রিকেটের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। রাজনৈতিক বৈরিতা মাঠে ঢুকে পড়ায় শুধু ব্যাট-বলের ছকে আবদ্ধ থাকেনি ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই। সেখানে থাকে বাড়তি উত্তাপ আর উত্তেজনার নানা অনুষঙ্গ। ফলে এই দ্বৈরথ এখন আর কেবল ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে আবেগ, জাতীয় মর্যাদা ও কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা।

 

 

ইত্তেফাক/এনটিএম