মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ে আনায়ার জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একইসঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।

পোস্টে মেয়েকে ভালোবাসা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

মেয়ের জন্মের পর অপূর্বর জীবনটাই যেন বদলে গিয়েছে। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’

মেয়েকে বড় হতে দেখা, তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখা, আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন অপূর্ব। এই অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যায়, মেয়ের মাথায় ছোট্ট মুকুট। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন এই অভিনেতা।

মেয়ের মাথায় ছোট্ট মুকুটের ছবির প্রসঙ্গ টেনে অভিনেতা লিখেছেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অপূর্ব। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে আনায়া।

ইত্তেফাক/এনটিএম