দুর্নীতি, শিক্ষাব্যবস্থায় অবহেলা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ বৃহস্পতিবার রাজধানী তিরানায় সহিংস রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সরকারি ভবনের জানালার কাচ ভাঙচুর, আবর্জনার পাত্রে আগুন দেওয়া, ট্রাফিক লাইট ভাঙচুর এবং সড়কে ব্যারিকেড তৈরি করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সংঘর্ষের কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়। এ ছাড়া কেন্দ্রীয় স্কান্দারবেগ স্কয়ারে পর্যটকদের সামনেই বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিরানার বাইরেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। শকোদ্রা, দুরেছ, এলবাসান, কুকেস ও ভালোরা শহরেও বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
জমি হস্তান্তর ও দুর্নীতির অভিযোগ
বিক্ষোভের অন্যতম প্রধান কারণ আলবেনিয়ার দক্ষিণাঞ্চলের মনোরম উপকূলীয় এলাকায় জ্যারেড কুশনারের সংশ্লিষ্ট বিলাসবহুল রিসোর্ট প্রকল্প। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পটির জন্য তাদের জমি অন্যায়ভাবে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ক্ষোভের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চাকরি পেতে দুর্নীতি ও পরিচিতজনের প্রভাবের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
কিয়ারা নামের এক শিক্ষার্থী জানান, তাদের প্রধানমন্ত্রীর নামের সঙ্গে দুর্নীতি জড়িয়ে গেছে। পরিচিত কেউ না থাকলে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া কঠিন বলে অভিযোগ করেন তিনি।
পদত্যাগের দাবি প্রত্যাখ্যান
বিক্ষোভকারীদের পদত্যাগের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী এডি রামা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের কথা শোনা এবং আলবেনিয়াকে এগিয়ে নেওয়াই তার দায়িত্ব। এখন পদত্যাগ করলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ঐতিহাসিক সুযোগ থেকে দেশের মানুষ বঞ্চিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে আলবেনিয়া ২০২৮ সালের মধ্যে ইইউর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তবে দুর্নীতির অভিযোগ, জীবনযাত্রার ব্যয় এবং উপকূলীয় জমি নিয়ে বিরোধ সরকারের ওপর চাপ বাড়াচ্ছে।
এদিকে আলবেনিয়ায় নিযুক্ত ইইউ মিশন এক বিবৃতিতে বিক্ষোভের দুই পক্ষকে সহিংসতা এড়িয়ে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
