কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি পুলিশের কিশোরগ্যাংবিরোধী ৮ম দফা অভিযান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এই অভিযানে অংশ নেয়।
জেলা পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়েছে। এই অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পুলিশ সূত্র বলছে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। এ পর্যন্ত তিন সহস্রাধিক কিশোরকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত আট শতাধিক আদালতে সোপর্দ করা হয়।
