কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যান পুলিশের কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। তিনি ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।
তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব এ পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবি জানান তিনি।
সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে অবিলম্বে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে দিতে হবে।
বিবৃতিতে জামায়াতের এই নেতা আরও বলেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এ অবস্থায় বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানিয়ে এর প্রতিকার দাবি করার আহ্বান জানান তিনি।
