নির্মাণাধীন ভবনে মিললো প্রহরীর মরদেহ, ১৩ শ্রমিক আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:২৬

সিলেট নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের একটি বাসা থেকে ইরফান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ‘নুর প্যালেস’ নামের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনটিতে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্যের বরাতে পুলিশ জানায়, ইরফান আলী ওই বাসায় আড়াই বছর ধরে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।

ওসি ফেরদৌস আহমেদ বলেন, নির্মাণাধীন নুর প্যালেসের চতুর্থ তলায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার মতো দেখতে একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

ইত্তেফাক/এপি