ভোলার বোরহানউদ্দিনে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টেবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির মৃত রেজু মুন্সীর ছেলে। তাছাড়া আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশাচালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক তদন্ত রিপন কুমার সাহা জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে সিএনজিচালিত দুটি অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
