পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৫২

কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঘটনাস্থল থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লেখ্য, শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ছয়জন। একই পরিবারের নিহতরা হলেন—ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), জবি শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা (২৭), ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামী, ফারিহা কবির (৩৩) ও ফাইয়াজ আহম্মেদ (৫)।

এ ঘটনায় আহত ছয়জন হলেন—মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিসা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

ইত্তেফাক/এমএসআর