সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬ আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
তবে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক্স-এ একটি পোস্টে দাবি করেছে, গোষ্ঠীটি নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে, যেটি সীমান্ত বরাবর হুথি অবস্থানগুলোকে লক্ষ্য করে শত্রুতামূলক কার্যকলাপ চালাচ্ছিল।
রোববার সারির পোস্টে সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবিসহ আল-মালিকি মন্তব্য করেছেন, আপনি এটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করছেন, কিন্তু এটি শীঘ্রই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ইরান-সমর্থিত হুথিদের হামলার শিকার হয়েছে। কারণ হিসেবে জোট এবং ইয়েমেন-ভিত্তিক এই গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে বলে মনে করা হচ্ছে। আবার, ইয়েমেন সংঘাতটি ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের আরেকটি রণাঙ্গনে পরিণত হয়েছে।
