নোয়াখালীতে দোকানে ঢুকে মুখোশধারীদের গুলি, ব্যবসায়ী আহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার ব্যবসাপ্রতিষ্ঠান মিজান স্টোরে ঢুকে তাকে গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে। আহত মিজান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে। তিনি জামায়াতের সমর্থক।

স্থানীয়রা গুরুতর আহত মিজানকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মিজান নিজের মুদি দোকানে বসে বেচাকেনা করছিলেন। এ সময় সশস্ত্র মুখোশধারী ২০ থেকে ২৫ জনের একটি দল দোকানে ঢুকে কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশে, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ জানান, গুলিতে আহত মিজান তাদের দলের একজন সমর্থক। ২০২০ সালেও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। ওই সময় তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবারও মুখোশ পরে তার দোকানে ঢুকে তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিজানের ওপর এ হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত বলে দাবি করেন আবু জায়েদ। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি