পেশাদার ফুটবলে ৯৮১ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন তার। তবে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও এই অর্জনের দিকে যাচ্ছেন বলে মনে করেন ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেস।
রোববার (১৮ অক্টোবর) আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারানোর পর এই মন্তব্য করেন মায়ামি কোচ। ম্যাচে চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মেসি। এর মাধ্যমে ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬-এ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির এক হাজার গোল করার সম্ভাবনা নিয়ে মায়ামি কোচ বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি সে (মেসি) এক হাজার গোলে পৌঁছাবে। আমার সেই বিশ্বাস আছে। সে পৌঁছাবেই, কারণ সে চ্যালেঞ্জ ভালোবাসে এবং নিজেই নিজের সামনে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। যেহেতু সে ফুটবলে সম্ভাব্য সবকিছু অর্জন করে ফেলেছে, তাই এটিও ব্যতিক্রম হবে না।’
কোচ হিসেবে মেসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে গঞ্জালেস বলেন, ‘অনুশীলন থেকে শুরু করে ম্যাচের প্রতিটি পদক্ষেপে সে আমাকে মুগ্ধ করে। আমি আশা করি অবসরের আগের দিন পর্যন্ত সে একইভাবে সবাইকে অবাক করে যাবে। আশা করি সেই অবসরের দিনটি আসতে এখনও অনেক দেরি আছে।’
