জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:০৮

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙ্গর’ নামের একটি বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) বাসটি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে নেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। আগুনের তীব্রতায় বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। ভেতরের আসনগুলোও এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর ব্যবহার করা যাবে না।

বাসের ভেতরের আসনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসটির ক্ষয়ক্ষতির কারণে মেরামত শেষ না হওয়া পর্যন্ত এর নিয়মিত চলাচল ব্যাহত হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় শনিবার বাসটি সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে পাঠানো হয়েছিল। কিন্তু রোববার সকালে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগলে তা জবির বাসেও ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বাসটির ক্ষয়ক্ষতির দায়ভার গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছে। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।

তারেক বিন আতিক আরও বলেন, আশা করছি দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং মেরামতের কাজ শেষ করতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইত্তেফাক/এসজেএস