সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

গ্রেপ্তার এড়াতে ভিন্ন সিম ও মোবাইল ফোন ব্যবহার করছিলেন মূল আসামি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:০৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-৬-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন আমিনীকে। 

এর আগে, গত মঙ্গলবার দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি দেবহাটার সুবর্ণাবাদ গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে আজ সকালে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার নিজস্ব মুঠোফোন সঙ্গে ছিল না। তিনি অন্য সিম ও মুঠোফোন ব্যবহার করছিলেন। ওই সিম ব্যবহার করে একজনের সঙ্গে নিজের পরিচয় দিয়ে কথা বলেন। যোগাযোগের সূত্র ধরেই তাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনো উল্লেখযোগ্য তথ্য মেলেনি। আজ আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে নিহত শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। 

গত শুক্রবার ভোরে পুলিশ এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি মোক্তার হোসেন খান (৫৩) ও আসাদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। 

সিসিটিভি ফুটেজ ও মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।

এ বিষয়ে শামীমের ছোট ভাই তাওসিফ রহমান বলেন, ‘প্রধান আসামি গ্রেপ্তারের খবরে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। এখন আমাদের একটাই চাওয়া, আমার ভাইয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, রাষ্ট্র যেন তার সুষ্ঠু বিচার নিশ্চিত করে। প্রচলিত আইন ও বিচারপ্রক্রিয়ার মাধ্যমে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। পাশাপাশি আমার ভাইয়ের দুই এতিম সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়।’

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানিয়ে তাওসিফ বলেন, ২ ও ৩ নম্বর আসামি কামরুল গাজী ও সাদিকুলকে গ্রেপ্তার করা হলে এ ঘটনায় কারা জড়িত ছিলেন এবং কারা মূল ভূমিকা পালন করেছেন, সে বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। 

তার দাবি, কামরুল গাজী পুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তবে সাদিকুলের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত নন।

দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক বলেন, শামীমকে পিটিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জামায়াত এ ধরনের সহিংসতা সমর্থন করে না।

মামলায় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল গাজীর নাম আসার বিষয়ে ইমদাদুল হক জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে তারা মনে করেন। 

তার দাবি, কামরুল গাজী ঘটনাস্থলে ছিলেন না। তার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে। এ ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও দাবি করেন ইমদাদুল হক।

নিহত শামীমের পরিবার জানান, শামীম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার ও স্ত্রীর বাগ্‌বিতণ্ডার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে—এমন অভিযোগ ওঠার পর তার বাড়িতে হামলার চেষ্টা হয় এবং স্থানীয় একটি বাজারে তাকে মারধর করা হয়। পরে তিনি বিষপান করেন বলে পরিবার জানিয়েছে। স্থানীয় পল্লিচিকিৎসক মো. সবুরের চেম্বারে চিকিৎসা চলাকালে পরদিন শতাধিক মানুষ জড়ো হয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন। পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর শতাধিক লোক ওয়ার্ডে ঢুকে শামীমকে আবার মারধর করেন। আনসার সদস্য, নিরাপত্তাকর্মী ও কর্মীরা থামাতে ব্যর্থ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কয়েকটি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকায় সব ফুটেজ দেখা সম্ভব হয়নি। পুলিশ এখনো তাদের কাছে ফুটেজ চায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ফুটেজ সংরক্ষণের চেষ্টা করছে।

 

 

 

ইত্তেফাক/এনটিএম