২০১০ সালের একটি মৃত্যুর মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে দায়ের করা মামলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেন। অভিযোগ, ওই অনুষ্ঠানের মঞ্চে রাখি তার বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন।
অনুষ্ঠানটি সম্প্রচারের পর লক্ষ্মণ মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন বলে অভিযোগ রয়েছে। ওই বছরই তাঁর মৃত্যু হয়। পরে লক্ষ্মণের মা রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগও যুক্ত হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও অভিযোগপত্র দাখিলের পর আদালত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে দ্রুত আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।
সূত্র: এনডিটিভি।
