জামালপুরের মাদারগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জিহাদ আকন্দ নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা।
শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। জিহাদ আকন্দ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি তেঘরিয়া উত্তর মোড় এলাকার মাওলানা ওয়াজেদ আলীর ছেলে।
ফেসবুকে দেওয়া পোস্টে জিহাদ আকন্দ লেখেন, ‘আসসালামু আলাইকুম, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নবাসী। আমি জিহাদ আকন্দ। ২০২২ সালে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের এক বিশাল সম্মেলনের মধ্য দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হই। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। অনেক দিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি।
আজ থেকে আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে থাকতে চাই না। সবার কাছে আমার জন্য দোয়া চাই। সেই সঙ্গে চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সদস্য থেকে শুরু করে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলাম। সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
এ বিষয়ে জিহাদ আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আসলে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে থাকতে চাই না। একজন সাধারণ নাগরিক হিসেবে থাকতে চাই। তাই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহ বলেন, ‘এ বিষয়ে জিহাদ আকন্দ আমাদের কিছু বলেননি। এটি তার নিজস্ব সিদ্ধান্ত। তার ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
