নতুন পে-স্কেলে বকেয়া কত? যেভাবে করবেন হিসাব

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:০০

পে স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ১ জুলাই ২০২৬ থেকে তারা ঠিক কত টাকা বকেয়া বা এরিয়ার হিসেবে পাবেন। চাকরিজীবীদের এই জটিল হিসাব অতি সহজে ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে তৈরি করা হয়েছে একটি বিশেষ এইচটিএমএল ‘পে স্কেল বকেয়া ক্যালকুলেটর’।

এর মাধ্যমে যেকোনো সরকারি কর্মচারী তাদের নতুন মূল বেতন, বিশেষ সুবিধার সমন্বয়, বাড়ি ভাড়ার পার্থক্য এবং ৩ মাসের মোট প্রাপ্ত বকেয়ার সঠিক পরিমাণ মুহূর্তের মধ্যেই জেনে নিতে পারবেন।

ক্যালকুলেটরটি ব্যবহারের প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সুবিধাজনক। সবচেয়ে বড় বিষয় হলো এটি ব্যবহারের জন্য কোনো সক্রিয় ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। ফাইলটি সাধারণ কম্পিউটার বা যেকোনো অ্যান্ড্রয়েড ও আইফোন মোবাইল ব্রাউজারে অনায়াসেই সাপোর্ট করবে।

ক্যালকুলেটরে সঠিক বকেয়ার তথ্য পেতে ব্যবহারকারীকে কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে ব্যক্তিগত তথ্য অংশে নাম, পদবি এবং নিজ কার্যালয়ের নাম লেখা যাবে, যা মূলত প্রিন্ট কপির সুবিধার জন্য রাখা হয়েছে।

পরবর্তী ধাপে মূল বেতনের তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ২০১৬ সালের ৩০ জুনে সংশ্লিষ্ট কর্মচারীর গ্রেড নির্বাচন করতে হবে। এরপর পে-স্লিপ দেখে ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন নির্বাচন কিংবা ম্যানুয়ালি লিখতে হবে। পাশাপাশি ১ জুলাই ২০২৬ তারিখে বার্ষিক বেতনবৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) পুরনো স্কেলে যে বেতন তোলা হয়েছে, তাও উল্লেখ করতে হবে। ১ জুলাই পর্যন্ত চাকরির মেয়াদ ৬ মাস পূর্ণ না হলে ইনক্রিমেন্টের টিক চিহ্নটি তুলে দেওয়ার সুবিধা রয়েছে। এছাড়া নিজ কর্মস্থল নির্বাচন করলেই সেই এলাকা অনুযায়ী সরকারি বাড়ি ভাড়ার হার স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে। সাধারণভাবে বকেয়ার সময়সীমা ৩ মাস (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) ডিফল্ট রাখা হলেও প্রয়োজন অনুযায়ী তা ১ থেকে ৬ মাস পর্যন্ত পরিবর্তন করা সম্ভব।

যদি পে-স্লিপে বাড়ি ভাড়া বা বিশেষ সুবিধা ক্যালকুলেটরের স্বয়ংক্রিয় হিসাব থেকে কিছুটা আলাদা হয়, তবে সেখানে প্রকৃত অঙ্ক ম্যানুয়ালি বসানোর ঐচ্ছিক সুযোগও রাখা হয়েছে।

প্রয়োজনীয় তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করার সাথে সাথেই স্ক্রিনের নিচে স্বয়ংক্রিয়ভাবে বিস্তারিত বকেয়া বিবরণী ফুটে উঠবে। এখানে পে স্কেলের নিয়ম অনুযায়ী ১০ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ শতাংশ এবং ১ থেকে ৯ ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪০ শতাংশ বৃদ্ধির প্রথম ধাপের হিসাব অনুযায়ী নতুন মূল বেতন প্রদর্শিত হবে।

একই সাথে প্রাপ্ত ও গৃহীত বেতনের পার্থক্য, বাড়ি ভাড়ার পরিবর্তনজনিত সমন্বয় এবং বিলুপ্ত হওয়া বিশেষ সুবিধা (১০% বা ১৫%) বিয়োগ করার পর নিট মাসিক পার্থক্য কত দাঁড়ায়, তা দেখা যাবে। সর্বশেষে মাসওয়ারি মোট বকেয়া এবং ৩ বা তার বেশি মাসের সর্বমোট পাওনার পরিমাণ স্পষ্ট উঠে আসবে। বিবরণীটি এ৪ সাইজের কাগজে প্রিন্ট করা বা সরাসরি পিডিএফ হিসেবে সেভ করে রাখার জন্য নিচে 'বিবরণী প্রিন্ট করুন' অপশন যুক্ত করা আছে।

তবে প্রস্তুতকারকদের পরামর্শ অনুযায়ী, এই ক্যালকুলেটরের নিচের অংশে থাকা ‘স্কেল টেবিল’ অংশটি সরকারি অফিশিয়াল গেজেটের (এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬) সাথে একবার মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ইত্তেফাক/এএম