আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:৩৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্ত নেই। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় তুমুল প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। এর মাঝেই সম্পূর্ণ নতুন এক লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি। শারদীয় দুর্গাপূজার আবহে একেবারে দেবীর সাজে ক্যামেরাবন্দী হয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি আকর্ষণীয় ভিডিও পোস্ট করেন অভিনেত্রী পরীমনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক...’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নেটিজেনদের নজর কাড়ে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবমুখর পরিবেশে অভিনেত্রীর এমন দেবীরূপের সাজ ও ইতিবাচক বার্তাটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার নান্দনিক উপস্থিতি ও মিষ্টি হাসির প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করছেন।

এর আগে একটি টেলিভিশন চ্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিকৃত ভিডিও প্রকাশের তীব্র প্রতিবাদ জানান পরীমনি। শুধু তাই নয়, একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করে নেটিজেনদের প্রকৃত ও ভুয়া ভিডিও চেনার উপায়ও বাতলে দিয়েছিলেন তিনি। একদিকে সেই ভিডিও বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলা আলোচনা, অন্যদিকে শারদীয় পূজার আমেজে তার এই নতুন রূপ—সব মিলিয়ে নেটদুনিয়ায় দারুণ চর্চায় রয়েছেন এই তারকা।

ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয়ের পাশাপাশি কাজের জগতেও বেশ সক্রিয় রয়েছেন তিনি। সম্প্রতি তিনি খ্যাতনামা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং সম্পন্ন করেছেন। এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ এবং বিশেষ একটি চরিত্রে পর্দায় হাজির হবেন জনপ্রিয় নায়ক নিরব।

 

 

ইত্তেফাক/এএম