শিক্ষা সফর শেষে ফেরার পথে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে উড়োজাহাজে বোমা থাকার কথা বলেছিল ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী। তার এ কথায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি বিমানবন্দরে জারি করা হয় নিরাপত্তা সতর্কতা। পরে তল্লাশি চালিয়ে বোমা থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভারতের আহমেদাবাদ থেকে হায়দরাবাদগামী একটি উড়োজাহাজে রোববার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুলের শিক্ষা সফর শেষে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে হায়দরাবাদে ফিরছিল। এ সময় সে সহপাঠীদের জানায়, তাদের বহনকারী উড়োজাহাজে বোমা রয়েছে। বিষয়টি জানতে পেরে কেবিন ক্রুর এক সদস্য পাইলটকে সতর্ক করেন।
পরে উড়োজাহাজটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এ সময় উড়োজাহাজটিতে ব্যাপক তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।
পুলিশের এক কর্মকর্তা জানান, ছাত্রীটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। সে বিষয়টির গুরুত্ব না বুঝেই এমন কথা বলেছিল। কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্যও তার ছিল না বলে জানান ওই কর্মকর্তা।
