বয়স যে শুধুই একটা সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন ৯৯ বছরের হেলগা ডাফি। যুক্তরাজ্যের এই প্রবীণ নারী উড়ন্ত বিমানের ডানার ওপর হেঁটে ‘উইং ওয়াকিং’ সম্পন্ন করে বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘উইং ওয়াকার’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
গিনেস নিউজে ৯৭ বছর বয়সি বেটি ব্রমজের বিমানে দাঁড়িয়ে ওড়ার খবর দেখে অনুপ্রাণিত হন হেলগা। তখনই সিদ্ধান্ত নেন, এই রেকর্ড তিনি ভাঙবেন। যুক্তরাজ্যের গ্লসেস্টারশায়ারের রেনকম্ব এয়ারফিল্ডে ছোট একটা বাইপ্লেন বিমানের উপরের ডানায় শক্ত করে বাঁধা অবস্থায় তিনি আকাশে ওড়েন। অভিজ্ঞতাটা ‘অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর’ বলে বর্ণনা করেছেন তিনি। একটুও ভয় পাননি, বরং পুরো বিষয়টা নিয়ে দারুণ উত্তেজিত ছিলেন বলে জানিয়েছেন।
সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় হেলগা মনে করেন, ওপার থেকে তার প্রয়াত বাবা আজ প্রথম সন্তানের এই কীর্তিতে গর্ব বোধ করছেন। ফ্লাইট সফলভাবে অবতরণের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তার হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেন।
শুধু রেকর্ড ভাঙা নয়, এই আয়োজনের মাধ্যমে তিনি ‘উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্স’ চ্যারিটির জন্য ১,৩০০ পাউন্ডেরও বেশি টাকা তুলেছেন। তার সাহসিকতা দেখে পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। হেলগার দুই ভাগ্নি জ্যাকি রোজ ও জুলি প্রিস বলেন, ৯৯ বছরেও তাদের খালা মনের দিক থেকে আগের মতোই আত্মনির্ভরশীল ও অদম্য। তাদের মায়ের শেষ যাত্রায় এই এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন হয়েছিল বলে হেলগার এই উদ্যোগ পরিবারের জন্য আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে।
আগের রেকর্ডধারী ৯৭ বছর বয়সি বেটি ব্রমজ মজার ছলে অভিনন্দন জানিয়ে বলেছেন, ১০০ বছর বয়সে তিনি আবার বিমানে উঠবেন এবং হেলগার রেকর্ড ভেঙে নিজের মুকুট ফিরিয়ে আনবেন। জীবনের এই পর্যায়ে এসেও বয়সের বাধা ডিঙিয়ে আকাশ ছোঁয়ার এই গল্প এখন অনেককে অনুপ্রেরণা দিচ্ছে।
