আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২১:১০

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

রোববার (১৮ অক্টোবর) বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম মণি বলেন, ‘আজকে ২০২৬ সালের ১৮ অক্টোবর। আমি আপনাদের কাছে বলে গেলাম, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, আমি এখানে যদি আসি, বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা খুঁজে পাওয়া যাবে না।’

সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিয়ে চিফ হুইপ বলেন, সৌরবিদ্যুতের জন্য তিন বছরের খাজনা দিতে হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যে আমদানি করলে কোনো কর দিতে হবে না। সৌরবিদ্যুৎ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ থাকলে সরকার তা কিনে নেবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা চুরি করছে, আমরা চুরি করি না, চুরি করব না। এই টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বানাবো।’

শেখ হাসিনার সরকার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এমন কিছু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল, যেখানে কখনোই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও অভিযোগ করেন নুরুল ইসলাম মণি। তার দাবি, নেতাদের অর্থ দেওয়ার জন্যই এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল।

 
ইত্তেফাক/এসএ