চিরিরবন্দরে দুই সন্তানসহ গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে দুই সন্তানসহ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন অমরপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুল আমীন।

নিহত গৃহবধূ স্বার্ণা মনি (২৩) মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিল (২৭)-এর স্ত্রী। নিহত অপর দুজন হলো—তাদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে স্বার্ণা মনি ও তার দুই সন্তানের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে।

নিহতদের স্বজনদের অভিযোগ, তাদের হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএইচপি