আসন্ন ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলে জানান তিনি। এসোসিয়েটেড প্রেসের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, আগামী ৩ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে না এবং তার দল ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের’ সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে ইরান নির্দিষ্ট শর্তে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্র পাল্টা প্রস্তাব পাঠায়, যার আনুষ্ঠানিক জবাব তেহরান শিগগিরই দেবে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
কূটনৈতিক আলোচনার পাশাপাশি ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হচ্ছে। অক্টোবর মাসের শেষ নাগাদ থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস থিওডোর রুজভেল্ট সহ হাজার হাজার সেনা ওই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন শেষে ইউএসএস আব্রাহাম লিংকন তাদের সান ডিয়েগোর বন্দরে ফিরে এসেছে, যেখানে নাবিকদের মানসিক চাপ ও রসদ সংকটের খবর পাওয়া গেছে।
বর্তমানে এশিয়ায় মোতায়েন থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন গত আগস্টে আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হয় এবং মধ্যপ্রাচ্যে থাকা অপর যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ কয়েক দিন আগে থাইল্যান্ডের ফুকেটে যাত্রা বিরতি করেছে।
সূত্র: এনডিটিভি
