চুয়াডাঙ্গায় গরুবাহী যান খাদে পড়ে নিহত ১, আহত ২

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২

চুয়াডাঙ্গা শহরতলির নুরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল (৩৮) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহত দুজন হলেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন গরুর ব্যবসা করতেন। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ১১টি গরু নিয়ে তাঁরা মঠবাড়িয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথে সোমবার ভোর ৪টার দিকে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলালের মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।

পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ বলেন, ‘১১টি গরু নিয়ে আমরা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হই। সোমবার ভোরে হঠাৎ চোখে ঘুম চলে এলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যাই।’

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এএইচপি