ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল এই স্বর্ণের চালান জব্দ করা হয়। এর মধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কোটি টাকার ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট ও শাহ আমানত বিমানবন্দর থেকে ১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানায়, রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের দুই যাত্রী- মোহাম্মদ সোলায়মান ও জোবায়েদ আহমেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করে। পরে রেক্টামে (মলদ্বার) বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩টি করে মোট ৬টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। প্রায় ২ কেজি ৭৩৪ গ্রাম ওজনের এই স্বর্ণের চালানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
এদিকে রোববার সকাল ৭টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন কামরুল ইসলাম নামের এক যাত্রী। পরে গ্রিন চ্যানেলে কাস্টমস গোয়েন্দারা তার ব্যাগেজ তল্লাশি করে রান্নার কাজে ব্যবহৃত ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪টি খণ্ডিত স্বর্ণবার (৪৬৬ গ্রাম) জব্দ করা হয়। মোট স্বর্ণের শুল্ক করাদিসহ আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ লাখ ৩০ হাজার টাকা।
জব্দকৃত এসব স্বর্ণ যথাযথ পরীক্ষার পর বিশুদ্ধ স্বর্ণের সঠিক পরিমাণ ও মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কাস্টমস। সেই সঙ্গে নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে মানবদেহের অভ্যন্তরে অবৈধ স্বর্ণ বহনের মতো কৌশল নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সিআইআইডি।
