পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা ও জামদানি শাড়ি দেখে মুগ্ধ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:২৬

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রাচীন স্থাপত্য, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও নকশিকাঁথার কারুকাজ ঘুরে দেখেন তিনি। স্বল্প সময়ের সফরে পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মার্কিন এই কূটনীতিক।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে প্রতিনিধিদল নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম নগরীতে পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন। নগরীর ৩৩ নম্বর ভবন পরিদর্শনের মধ্য দিয়ে তার ঘোরাঘুরি শুরু হয়। পরে ঐতিহাসিক নগরীর বিভিন্ন ভবন ও স্থাপনা ঘুরে দেখেন তিনি।

পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান জানান, এটি ছিল মার্কিন রাষ্ট্রদূতের পারিবারিক সফর। পরিবারের সদস্যদের নিয়ে ঐতিহাসিক নগরীটি দেখতে এসেছিলেন তিনি।

পানাম নগরী পরিদর্শন শেষে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে কারুপল্লির নকশিকাঁথা এবং জামদানি পল্লি ঘুরে দেখেন তিনি। তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ি ও সুঁই-সুতার নকশিকাঁথার নিপুণ কারুকাজ তাকে মুগ্ধ করে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ফাউন্ডেশনের জাদুঘর ও বড় সরদারবাড়ি পরিদর্শন করা হয়নি তার।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লিতে তাঁতিদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখেছেন। নকশিকাঁথা ও জামদানি শাড়ির কারুকাজ দেখে তিনি মুগ্ধ হন। পরে আবারও এখানে আসবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা। এ ছাড়া সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএসআর