বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৩১

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় দুর্গাপূজার একটি মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা। সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মণ্ডপের প্রশংসা করে বলেন, আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তাই আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদ্‌যাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এর আগে, তিনি মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্স নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। তারা সেখানে চা পান করেন এবং আড্ডায় মেতে ওঠেন।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমএসআর