ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ন্যাটোর মিত্র জোটগুলো ওয়াশিংটনকে ‘সাহায্য করেনি’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ অক্টোবর) একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখার সময় তিনি পশ্চিমাদের এই ভূমিকার তীব্র সমালোচনা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ত্রুটি ও দুর্বলতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইউরোপের পাশে রয়েছে। তবে তারা যদি দ্রুত সঠিক পথ খুঁজে না নেয়, তবে ন্যাটোর সামরিক জোট ছেড়ে যাওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো উপায় থাকবে না।
ন্যাটোকে সুরক্ষার কাজে যুক্তরাষ্ট্র প্রতি বছর শত শত বিলিয়ন ডলার খরচ করে উল্লেখ করে ট্রাম্প জানান, ওয়াশিংটনের পক্ষ থেকে সহায়তার আহ্বান জানানো হলে জোটটি তা প্রত্যাখ্যান করে। সহযোগিতার বিষয়ে ন্যাটোর এমন অনীহার কথা যুক্তরাষ্ট্র কখনো ভুলে যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
সূত্র: মিডল ইস্ট আই
