ক্যানসারে আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ দেখা দেয়। কেমোথেরাপির কারণে এমনটি হয় বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড়ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাবও দেন তিনি।
ডা. জুবাইদা রহমান মনে করেন, সমন্বিত উদ্যোগে শুরুতেই শনাক্ত করা ও সচেতনতা বাড়ানো গেলে হাড়ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব।
এতে বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগ হয়। তাই শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
এছাড়া, কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড়ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্ব দেন তারা।
