শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হারে বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে কঠিন অবস্থায় পড়েছে। যদিও বাংলাদেশের হাতে এখনো একটা ম্যাচ বাকি। কিন্তু আগামী বুধবারের (২১ অক্টোবর) সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বেশ কিছু সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে।
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার দিয়ে শুরু, এরপর আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের ১৫৮ রানের পরাজয়—এই দুই ফলেই বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাব পাল্টে গেছে। এখন শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জয়ের দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। কারণ, শেষ পর্যন্ত ফাইনালে ওঠার সিদ্ধান্ত নির্ধারিত হতে পারে নেট রান রেটের (এনআরআর) হিসাবে।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৯৯ রানের সেই পরাজয়ে দলের নেট রান রেট নেমে যায় –১.৯৮০-এ।
অপরদিকে, জিম্বাবুয়ে পায় +১.৯৮০ নেট রান রেটের বড় সুবিধা। কিন্তু ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরে জিম্বাবুয়েও বড় ধাক্কা খেয়েছে। তাদের নেট রান রেট কমে দাঁড়িয়েছে –০.৫৯০-এ। অন্যদিকে, প্রথম ম্যাচেই বড় জয় পাওয়া আফগানিস্তানের নেট রান রেট +৩.১৬০। ফলে তিন দলেরই পয়েন্ট দুইয়ে শেষ করার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাস্তবতা বিবেচনায়, ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তো জিততে হবেই, পাশাপাশি নেট রানরেটে ছাড়িয়ে যেতে হবে জিম্বাবুয়েকে। আর সেটার জন্য বাংলাদেশের সামনে যে সমীকরণ অপেক্ষা করছে, তা নিচে দেওয়া হলো-
আফগানিস্তান আগে ব্যাটিং করলে-
আগামীকালকের ম্যাচে আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি ২০০ রান করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৪০.৩ ওভারের মধ্যে। লক্ষ্য ২৫১ রানের হলে, বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আরেকটু বেড়ে লক্ষ্য ২৮১ রানের হলে, ৪২ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। আর আফগানিস্তান যদি ৩০০ রান করে, সেক্ষেত্রে বাংলাদেশকে জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে।
বাংলাদেশ আগে ব্যাটিং করলে-
কালকের ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, তাহলে সমীকরণটা খুব সহজ। বাংলাদেশকে জিততে হবে ৪১ রানের ব্যবধানে। অর্থাৎ, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে ৩০০ রান করে, তাহলে আফগানিস্তানকে অন্তত ২৫৯ রানের মধ্যে আটকে দিতে হবে।
আর এই সমীকরণ মেলাতে পারলে, রানরেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। তখন আগামী শুক্রবারের ফাইনালে আবারও আফগানিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ!
ফাইনালে জিম্বাবুয়েকে পেতে চাইলে-
আগামী বুধবার আগে ব্যাটিং করে বাংলাদেশ যদি আফগানিস্তানকে ২১৮ রান বা তার চেয়ে বেশি ব্যবধানে হারাতে পারে, তাহলে রানরেটে সবার তলানিতে নেমে যাবে আফগানরা। তখন শুক্রবারের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে!
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। তার আগে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। প্রথম ম্যাচের ভুল শুধরে ব্যাটিংয়ে বড় অবদান এবং বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই উন্নতি করতে হবে দলকে।
