নওগাঁয় নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

নওগাঁর পোরশায় পূণর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল পাতানোকে (বসানো) কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পূণর্ভবা নদীতে এঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামে নুর বক্তের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  পূণর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত কাঠ দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন  অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত (ওসি) জিয়াউর রহমান বলেন, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছেন । পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমএএম