বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৮:১৭

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠক সামনে রেখে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ ডলার ৪৯ সেন্টে নেমেছে। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ১০ সেন্ট হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ফেড সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী চাপ তৈরি হচ্ছে।

তবে স্বর্ণের বিপরীতে আন্তর্জাতিক বাজারে রুপার দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ১৯ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ ডলার ৪৫ সেন্ট হয়েছে। প্যালাডিয়ামের দামও শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১১০ ডলার ৬ সেন্টে নেমেছে।

দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে ক্যারেটভেদে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা।

 
ইত্তেফাক/এসজেএস