ইরানের সরকার উৎখাতের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববারও এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইরানি শাসনব্যবস্থার অবসান ঘটানোর কাজ সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বহুবার আলোচনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, গতকালও তাদের মধ্যে কথা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার আকস্মিক সফরে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমি এলাকায় উভদা বিমানঘাঁটিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সকে স্পিলম্যান বলেন, বৈঠকে আঞ্চলিক হুমকি এবং সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এসব হুমকি মোকাবিলায় দুই দেশ কীভাবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে, তা নিয়েও কথা বলেন তাঁরা।
হেগসেথের ইসরায়েল সফর নিয়ে পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
