ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, ব্যাহত ব্যাংকিং ও অনলাইন কার্যক্রম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১:২৬

ইউরোপের বিভিন্ন দেশে গুগলের ক্লাউড সেবায় বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে যুক্তরাজ্যসহ মহাদেশটির বিভিন্ন দেশের ব্যাংকিং অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও বড় ব্র্যান্ডগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ সমস্যার সূত্রপাত হয়। গুগল জানিয়েছে, আকস্মিক বিদ্যুৎ-সংক্রান্ত একটি ঘটনার কারণে এ বিভ্রাট দেখা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে অবস্থিত গুগলের ক্লাউড অবকাঠামোর ‘ইউরোপ-ওয়েস্ট২’ অঞ্চলে এ সমস্যা শুরু হয়। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গুগলের একাধিক ক্লাউড সেবা এবং এসব সেবার ওপর নির্ভরশীল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম ব্যাহত হয়।

এর প্রভাব পড়ে ডিজিটাল ব্যাংক রিভোল্টসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও অনলাইন সেবায়। অনেক ব্যবহারকারী নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং আর্থিক লেনদেন সম্পন্ন করতে সমস্যার মুখে পড়েন।

বিভ্রাটের পরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন গুগলের প্রকৌশলীরা। প্রতিষ্ঠানটির স্ট্যাটাস পেজে দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে বেশির ভাগ ওয়ার্কলোড বা সেবার কার্যক্রম পুনরুদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

এ ঘটনায় ক্লাউড অবকাঠামোর ওপর আধুনিক ডিজিটাল সেবাগুলোর ব্যাপক নির্ভরশীলতার বিষয়টি আবারও সামনে এসেছে। একটি নির্দিষ্ট অঞ্চলে বিদ্যুৎ বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তার প্রভাব কীভাবে ব্যাংকিং, আর্থিক লেনদেন এবং বিভিন্ন অনলাইন সেবায় ছড়িয়ে পড়তে পারে, তা এই বিভ্রাটের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ইত্তেফাক/এসজে