ভিক্ষা করায় সৌদিতে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১:৫৫

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের সংখ্যা কত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে ভিক্ষাবৃত্তি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে অনুমোদিত মাধ্যম ব্যবহার করে দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, নির্ধারিত ও বৈধ ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হলে প্রকৃত অভাবী মানুষের কাছে অর্থ পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ডও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, সমাজের সর্বস্তরে সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ইত্তেফাক/এসজেএস