জামিনে বেরিয়ে নিউগিনি আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২৩:১১

রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলার আসামিদের বিরুদ্ধে এবার প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

নাজিম উদ্দিনের অভিযোগ, শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে মো. শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, বাবুলসহ চার ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তারা তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় করা মামলায় শাহরিয়ার মাহমুদকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। একই মামলার অন্য দুই আসামি আবুল কাশেম ও বাবুল। তাদের মধ্যে আবুল কাশেম উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হত্যার হুমকির অভিযোগে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রকল্প এলাকায় থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর রাতেই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালানোর জন্য এক কোটি টাকার বিনিময়ে একটি সন্ত্রাসী দলকে ভাড়া করা হয়েছিল। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম অর্থের বিনিময়ে লোকজন পাঠিয়ে হামলাটি করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে মিরপুরের মামুন বাহিনীর সদস্যরাও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

তদন্ত কর্মকর্তারা জানান, এ মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদ করে হামলার পরিকল্পনা সম্পর্কে এসব তথ্য পাওয়া গেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে ১৩ জন বসে হামলার চূড়ান্ত পরিকল্পনা করেন। ওই বৈঠকে শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারও উপস্থিত ছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 
ইত্তেফাক/এসজেএস