মাছ ধরার নৌকাসহ বিভিন্ন ধরনের জলযান ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করছে বলে অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে নৌকার মালিকদের সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে জোটটি।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে চার ধরনের নৌকা ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ইয়েমেনের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। একই সঙ্গে দেশটির বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
বিবৃতিতে নৌকার মালিকদের সতর্ক করে বলা হয়, হুথি বিদ্রোহীরা যেন অস্ত্র পাচারের কাজে তাদের নৌযান ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এর আগে গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, আঞ্চলিক একটি পরাশক্তির কাছ থেকে হুথিরা আধুনিক অস্ত্রের প্রযুক্তি পেয়েছে।
সৌদি জোটের দাবি, হুথিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ স্থাপনা, সুড়ঙ্গ এবং পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখছে। পরে সেখান থেকে অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা ব্যবহার করে হুথিদের কাছে অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।
