‘না খেয়ে মৃত্যুর নির্দেশ’, অনুসরণ করে প্রাণ হারালেন ১৯১

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯

কেনিয়ার এক কেয়ামতীয় ধর্মের চার্চ প্রধান পল ম্যাকেঞ্জিকে ১৯০ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্কসহ মোট ১৯১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। যীশুর দেখা পাওয়ার উদ্দেশ্যে অনুসারীদের না খেয়ে আত্মাহুতির নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (১৯ অক্টোবর) বিচারক ডায়ানা কাভেদজা এই রায় দেন।

গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রধান পল ম্যাকেঞ্জি ধর্মীয় শিক্ষার আড়ালে এক সুসংগঠিত ব্যবস্থার মাধ্যমে অনুসারীদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেন বলে রায়ে উল্লেখ করা হয়। ২০২৩ সালে উপকূলীয় কিলিফি কাউন্টির ৮০০ একরের চাকামা র‍্যাঞ্চের অগভীর গণকবর থেকে ৪০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

আদালতের প্রাপ্ত তথ্যে জানা যায়, না খেয়ে মৃত্যুর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে শিশুদের লক্ষ্য করা হয়েছিল এবং পালিয়ে যাওয়া বা খাবার গ্রহণে বাধা দিতে পাহাদারদের মাধ্যমে মারধর করা হতো। চিকিৎসা সেবা ও শিক্ষাকে শয়তানের প্ররোচনা বলে অনুসারীদের নিষিদ্ধ করেছিলেন ম্যাকেঞ্জি। তবে এই মামলায় স্ত্রী ও অনুসারীদেরসহ অভিযুক্ত ম্যাকেঞ্জি সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

ভুক্তভোগী উইলিয়াম পোন্ডা নাগালা, যার মা, ভাই ও দুই ভাতিজা প্রাণ হারিয়েছেন, তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলাটির পরবর্তী প্রশমন শুনানি ৩০ অক্টোবর এবং চূড়ান্ত রায় প্রদান আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ইত্তেফাক/টিএইচ