চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করলেও মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ শুরু করতে রাজি হননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ অক্টোবর) টামস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট তিনটি সূত্রে জানা গেছে, ১০ অক্টোবরের সপ্তাহান্তে ইরানি পারমাণবিক কেন্দ্র, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ও বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার চেয়েও এবার আরও ভয়াবহ আক্রমণের ছক কষা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই হামলায় অংশ নিত কি না তা স্পষ্ট না হলেও আগামী সপ্তাহগুলোতে হামলা শুরুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অপর একটি সূত্রের দাবি, আইডিএফের এই পরিকল্পনার পেছনে আলোচনার কৌশলও থাকতে পারে, তবে লড়াই শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত কেবল ট্রাম্পের ওপরই নির্ভর করছে।
এই খবরের দুই দিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে আঞ্চলিক হুমকি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন কর্মকর্তাদের জানান, মার্কিন হামলার জবাবে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে পারে, যার ফলে ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচন স্থগিত করতে হতে পারে। তবে ৯ অক্টোবর ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছিলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে হামলা চালাবে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল
