বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:৩৫

যশোরের বেনাপোল সীমান্তবর্তী উপজেলা শার্শার নাভারন বুরুজবাগান এলাকা থেকে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে  আটক করা হয়। 

আটক আলাউদ্দীন যশোরের শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এসময় স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানায়, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়ের ও আটক আলাউদ্দীনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি