নাটোরে সড়ক দুর্ঘটনা: হতাহতদের উদ্ধারের সময় লুটপাটের অভিযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মরদেহ ও পরিচয় যাচাই শেষে নিহতের সংখ্যা ১২ বলে নিশ্চিত করেছে প্রশাসন।

এই দুর্ঘটনায় আহত যাত্রী রাকিব হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, তাদের চেতনা ফেরার পর কয়েকজনকে মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা নিয়ে যেতে দেখেন। বাসে আটকে থাকায় তারা এ বিষয়ে কিছু বলতে পারেননি। তবে দুর্ঘটনার পর কিছু মানুষ উদ্ধারকাজে সহযোগিতাও করেছেন।

তিনি বলেন, বাসের সামনের দিকে থাকা বেশ কয়েকজন যাত্রীকে দুর্ঘটনার পর গাড়ির ভেতরে মৃত অবস্থায় দেখেন। ওই সময় তিনি নিজেও অসহায় অবস্থায় ছিলেন। নিজের জীবন বাঁচাবেন, নাকি সম্পদ রক্ষা করবেন—তা বুঝে উঠতে পারছিলেন না। 

মালামাল লুটের বিষয়ে নাটোরের পুলিশ সুপারের কাছে জানতে চাইলে বলেন, আমরা ইতোমধ্যে আহত যাত্রীদের কাছ থেকে বিষয়টি শুনেছি এবং তারা আমাদেরকে বিষয়টির সম্পর্কে অবগত করেছে। বাস থেকে কিছু মালামালসহ ব্যাগ উদ্ধার করা হয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, বাসে যে শুধু লুটপাট হয়েছে এমন নয়, অনেকেই এসে সাহায্য সহযোগিতাও করেছে। তবে কেউ যদি থানায় লিখিত অভিযোগ করে, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ইত্তেফাক/এপি