চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালক আলমগীরকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছিনতাই হওয়া চিনির বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছেন গাড়ির মালিক।
আলমগীর চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। বুধবার সকাল ৯টার দিকে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উদ্ধারকারী ব্যক্তি জানান, রাস্তার পাশে আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে তাদের পরিচয় ছিল।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্ঞান ফিরতে সময় লাগতে পারে।
ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জাকির হোসেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি মইজ্যারটেক এলাকায় ছিল। সে সময় চালক গাড়ির কিছু যান্ত্রিক ত্রুটির কথা তাঁকে জানিয়েছিলেন। বুধবার সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।
জাকির হোসেনের ভাষ্য অনুযায়ী, চিনি নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠানে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি পটিয়ার উদ্দেশে রওনা হয়। তবে পরে ১৩ টন চিনিসহ কাভার্ডভ্যানটি ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। লুট হওয়া চিনির বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলেও জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় তারা লিখিত কোনো অভিযোগ পাননি। তবে এমন একটি ঘটনার খবর পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
